জামিন পেলেন শাবির সাবেক ৫ শিক্ষার্থী

সিলেট- আন্দোলনে অর্থের যোগান দেয়ার অভিযোগে গ্রেফতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া তাদের জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতার ৫ শিক্ষার্থীর মধ্যে চারজনকে বিকালে আদালতে হাজির করা হয়। অপরজন নাজমুস সাকিব দ্বীপের করোনা শনাক্ত হওয়ায় তাকে হাসপাতালে করা হয়। আদালতে তাদের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জানান, আশা করছি রাতেই তারা জামিনে মুক্ত হবেন।

এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক। সেখানে শিক্ষার্থীদের দাবি পূরণ হবে বলে তারা আশ্বাস দেন। একইসঙ্গে জানান, আন্দোলনে অনুদান দেয়ার অভিযোগে গ্রেপ্তার সাবেক শাবি শিক্ষার্থীদের জামিনও হয়ে যাবে।

ওই মামলায় অন্য কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হবে না বলেও জানান অধ্যাপক জাফর ইকবাল। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ১০টা ২০ মিনিটে সাত দিন ধরে চলা অনশন ভাঙেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *