পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।
সেই পরীমণি ও রাজ আজ আবার বিয়ে করছেন। শুক্রবার দিবাগতর রাতে বেশ ঘটা করেই হলুদ সন্ধ্যা হলো তাদের। আর আজ শনিবার (২২ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে হচ্ছে বিয়ে।
এমনটাই জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
তিনি বলেন, ‘সত্যিকার অর্থে এতদিন যা হয়েছে সেখানে তো আসলে আনুষ্ঠানিকতার সুযোগ ছিলো না। তো এখন সেই আনুষ্ঠানিকতাটা ঘরোয়াভাবে ওরা করছে। তাছাড়া এতদিন দুই পরিবারের সদস্যদের মধ্যেও সেভাবে দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি। যেটা এখন হলো।’
সেলিম জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার (২২ জানুয়ারি) রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন। যদিও গত ১০ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন।
সম্প্রতি পরীমণি জানান, কয়েকদিন ধরে তিনি নিজের শরীরে কিছু পরিবর্তন বুঝতে পারছিলেন। এরপর চিকিৎসকের কাছে গেলে নিশ্চিত হন, তিনি মা হতে চলেছেন। এরপর রাজ-পরী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। চিকিৎসক আমাকে সাবধানে চলাফেরা করতে বলেছেন।
