শৈত্যপ্রবাহ নিয়ে আবার দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

নজর২৪ ডেস্ক- শীত জেঁকে বসার সুযোগই পাচ্ছে না। শীত বাড়লেই শুরু হয় মেঘের আনাগোনা। এতে উত্তরাঞ্চল দিয়ে আসা হিমেল বাতাস আটকে যাচ্ছে।

গত তিন দিনে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ ৪-৫টি জেলায় ছড়িয়েছিল, এরই মধ্যে আবার উত্তরাঞ্চল দিয়ে মেঘের দল ঢুকতে শুরু করেছে। উত্তরের জনপদ দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়া ছাড়া দেশে আর কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২৩-২৫ জানুয়ারি বৃষ্টির পর রোদের দেখা মিলবে। তখন মেঘ সরে যাওয়ার পর বাড়বে শীত। ওই সময় আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল সমকালকে বলেন, আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি বৃষ্টি হতে পারে। এরপর ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি আবারও বৃষ্টি হতে পারে। এই দুই বৃষ্টির মধ্যবর্তী সময়ে আবারও শীত বাড়বে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *