আগে দুঃখ পেতাম, এখন আর পাই না: নুসরাত

বিনোদন ডেস্ক- কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। বিয়ে, বিচ্ছেদ, প্রেম, সন্তান ঘিরে রয়েছে কৌতুহলের মায়াজাল। অবশেষে তার ব্যক্তিগত জীবন, দর্শন, পরিবার, সন্তান ও সন্তানের বাবা যশ দাশগুপ্তর সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন নুসরাত জাহান।

এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু আদর্শ থাকে। আমরা আমাদের সম্পর্ক ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পাবলিক ফিগার হয়ে আমরা সবসময় মানুষের নজরবন্দি, সেখানে কী আমি আমার নিজ সত্তা হারিয়ে ফেলছি! এটা ভাবার প্রযোজন। আমার নিজের জীবনের সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। আমি বলব কি বলব না, এটা আমার বাকস্বাধীনতা। সেখানে মানুষের প্রচুর বক্তব্য। আমি বিতর্ক করিনি। মানুষ আমাকে বিতর্কে জড়িয়েছে।

তিনি আরও বলেন, অনেক ছোটবেলা থেকেই আমাকে বিতর্কিত ট্যাগ দিয়ে দেয়া হয়েছে। বারবার এটা নিয়ে ব্যবসাও হয়েছে। আমার বিতর্ক নিয়ে ব্যবসা করা হয়েছে। আমি মানছি যেকোনও জিনিস বিক্রি করতে হতে হলে তাতে মশলা প্রয়োজন। আমায় যদি কেউ বলে আমি বিক্রয়যোগ্য সেটা আমার কাছে গর্বের। কিন্তু কোথাও গিয়ে যখন সেটা ভীষণ ব্যক্তিগত হয়ে যায় তখন থামতে হয়।

নানা সময় নুসরাতকে নিয়ে বিতর্ক তৈরি হয়; এসব নিয়ে দুঃখবোধ হয় কিনা? এ নায়িকা বলেন, ‘আগে দুঃখ পেতাম, এখন আর পাই না। কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ, সুপার ওম্যান না। আমি ১০০টা ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, আবার নতুন ভুল করেছি। তারকাদের কাছে থেকে এত প্রত্যাশা কেন? মানুষ কী ভাবছে নুসরাত আবার কী ভুল করবে সেখান থেকে আবার বিতর্ক তৈরি হবে? আমি কিন্তু এসবের মধ্যে নেই। আমি খুব সাধারণ জিনিস করি যা সবাই করে আর এর জন্য আমি কাউকে জবাব দেব না। যাদের জবাব দেওয়া দরকার, আমার বাবা-মা, পরিবারকে জবাব দেব। আর কাউকে নয়। যদি ভক্তদের সঙ্গে কিছু ভুল করি তাহলে তাদের জবাব দেব। তাদের ঠকাব না। আমি কখনো মিথ্যা কথা বলিনি, কিছু লুকাইনি।’

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন আলাদা থাকার পর নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। এর মাঝে যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। তারা বিয়ে করেছেন কিনা তা এখনো অজানা। তবে তাদের ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান।

যশের সঙ্গে ভালো আছেন নুসরাত। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘যশের সঙ্গে সম্পর্ক কেমন এটা আলাদা করে বলতে অদ্ভূত লাগে। জানি না মানুষের এটা নিয়ে এত প্রশ্ন কেন? সবাই সব জানে আবার কেউ কিছু জানে না। আমরা একটা ব্যক্তিগত জীবন চাই। ছাদে দাঁড়িয়ে চিৎকার করে সব বলি না বলেই বোধহয় এত প্রশ্ন! আমার একটাই উত্তর, আমরা ভালো আছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *