বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে মৃত দেখাচ্ছে ফেসবুক। লেখিকার ভেরিফাইড আইডিতে ইংরেজিতে রিমেম্বারিং ‘তসলিমা নাসরিন’ লেখা যুক্ত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টা ৪০ মিনিটে তার ফেসবুক আইডিতে ঢুকে এমনটি দেখা যায়। নারীবাদি এই লেখিকার আইডিতে ৭ লাখ ৬৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’
সাধারণত কোনো ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট সাধারণত রিমেম্বারিং করে রাখে ফেসবুক। এতে তার প্রোফাইলে অন্য কেউ আর লগইন করতে পারেন না।
এর আগে নিজের মৃত্যুর খবর যেন চারদিকে ছড়িয়ে দেওয়া হয়, সেই তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সেই পোস্টের ২৪ ঘণ্টা না পেরোতেই এখন তাকে মৃত দেখাচ্ছে যোগাযোগ মাধ্যমটি।
