বিনোদন ডেস্ক- বলিউডের ‘ব্যাচেলর’ খ্যাত সুপারস্টার সালমান খান। বিয়ের পিঁড়িতে বসেননি এখনও। তবে প্রেমে জড়িয়েছেন বহুবার। কখনও বলিউড নায়িকার প্রেমে আবার কখনও হলিউড নায়িকার।
বলিউড পাড়ায় আবারও গুঞ্জন হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে প্রেম করছেন সালমান খান। এই মুহূর্তে নতুন প্রেমের খবর ‘টক অব দ্য টাউন’।
সালমান খানের সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে সামান্থার। এমনকি পানভেলে সালমানের জন্মদিনের পার্টিতে এই অভিনেত্রীকে দেখা গেছে। এর পর থেকে সালমানের সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেড়েছে। তবে ভাইজানের সঙ্গে গুঞ্জনের খবরে বেশ বিরক্ত এই হলিউড নায়িকা।
তিনি এ প্রসঙ্গে এক অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার মনে হয়, মানুষ বেশি কথা বলতে ভালোবাসে। কিছু না হলেও মানুষ অনেক কিছু অনুমান করে বলতে ভালোবাসে বলে আমি মনে করি। আমি সালমানের সঙ্গে দেখা করেছি। উনি খুবই ভালো মানুষ। ওনার ব্যাপারে এখন শুধু এটুকুই বলতে পারি। আমি বুঝতে পারি না মানুষ এত তথ্য কোথা থেকে পায়।’
সামান্থা আরও বলেছেন, ‘আসলে আমি বলতে চাই যে আমি তাঁর সঙ্গে (সালমান) দেখা করেছি। হৃতিক রোশনের সঙ্গেও আমি দেখা করেছি। কিন্তু হৃতিক আর আমার ব্যাপারে তো কেউ কিছু বলেনি। তাই বুঝে উঠতে পারি না যে এ ধরনের খবরের জন্ম কোথা থেকে হয়।’
বলিউডের বেশ কয়েকটা ছবি দেখার সুযোগ হয়েছে সামান্থার। প্রিয় হিন্দি ছবির প্রসঙ্গে এই হলিউড নায়িকা বলেছেন, ‘সালমানের ছবি “সুলতান” আমার সবচেয়ে প্রিয় বলিউড সিনেমা।’
সামান্থা লকউড সালমানের সঙ্গে দেখা করা প্রসঙ্গে বলেছেন, ‘সালমানের পার্টিতে যাওয়ার আগে দু-তিনবার ওনার সঙ্গে দেখা করেছি। পার্টিতে শুধু সালমানকেই চিনতাম। সালমানের জন্মদিনের পার্টিতে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়। আর সবাইকেই আমার দারুণ লেগেছে।’
বলে রাখা প্রয়োজন, সামান্থা লকউডের জন্ম ১৯৮২ সালে। তিনি জনপ্রিয় মার্কিন তারকা গ্যারি লকউড ও অভিনেত্রী ডেনিস ডুব্যারির মেয়ে। নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে পড়াশোনা করেছেন এই সুন্দরী। ‘শ্যুট দ্য হিরো’, ‘হাওয়াই ফাইভ-ও’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন ৩৯ বছরের সামান্থা।
উল্লেখ্য, ইউলিয়া ভান্তুরের আগে সালমানের প্রেম ছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে। বর্তমানে অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী ক্যাটরিনা। গত বছরের ৯ ডিসেম্বর তারা বিয়ে করেছেন।
