‘পুলিশ তুমি ফুল নাও, আমার ক্যাম্পাস ছেড়ে দাও’

নজর২৪ ডেস্ক- শিক্ষার্থীদের টানা আন্দোলনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টালমাটাল অবস্থা। প্রথমে হল প্রভোষ্ট ও পরে উপাচার্যের পদত্যাগের চালিয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দিলেও হল ত্যাগ করছেন না আন্দোলনকারীরা।

এদিকে, সোমবার (১৭ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার উপাচার্যের বাসভবন ঘেরাও করতে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় গেটের সামনে তাদের বাঁধা দেয় পুলিশ। এসময় পুলিশ সদস্যদের দিকে ফুল হাতে এগিয়ে যান শিক্ষার্থীরা। তবে পুলিশ সদস্যরা তাদের দেয়া ফুল নেননি।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন- ‘পুলিশ তুমি ফুল নাও, আমার ক্যাম্পাস ছেড়ে দাও।’

পুলিশ ফুল না নেয়ায় মাইকে পুলিশ সদস্যদের উদ্দেশে খোলা চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা। চিঠিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা না দেয়া ও ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

পুলিশকে ফুল দেয়া প্রসঙ্গে শিক্ষার্থী জোহরা আক্তার বলেন, ‘তারা আমাদের ক্যাম্পাসে অতিথি। তাই তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। আশা করি তারা ফুল নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যাবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা কোনো পুলিশ চাই না।’

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘আমরা এখানে দায়িত্ব পালন করতে এসেছি। ফুল গ্রহণ করা বা না করা আমাদের দায়িত্বের অংশ নয়।’

ক্যাম্পাস ছেড়ে যাওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরাও এখানে ঢুকতে চাই না। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের আহ্বানেই আমরা এখানে এসেছি। শিক্ষার্থীরা যদি শান্ত থাকে আমরাও ক্যাম্পাস ছেড়ে চলে যাব।’

সোমবার সকাল থেকে ভিসিসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সময় গড়ার সঙ্গে সঙ্গে তা বেগবান হয়েছে। দলে দলে এসে আন্দোলনে একাত্মতা জানিয়েছেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *