শামীম ওসমানের কেন্দ্রে হারলেন আইভী, দ্বিগুণ ভোট পেলেন তৈমূর

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কেন্দ্রে হেরেছে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নগরীর আদর্শ স্কুল কেন্দ্রে আইভী পেয়েছেন ৩৬২ ভোট।

অন্যদিকে এই কেন্দ্রে প্রথম হওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৬৮০ ভোট। এই কেন্দ্রে ১১৭৩ জন ভোটার ভোট দেন। তবে দুইটি ভোট বাতিল হয়। আর ২০৮২ জন ভোটার অনুপস্থিত ছিলেন।

রোববারের (১৬ জানুয়ারি) এই ভোটে দিনের শেষভাগে এসে ওই কেন্দ্রে ভোট দেন শামীম ওসমান। ভোট শেষে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রথমবার ইভিএমে ভোট দিয়ে কতটা আনন্দ পেলাম? আমার বউ যখন ‘কবুল’ বলেছিল, সেরকম আনন্দ হল ইভিএমে ভোট দিয়ে।”

নিজে নৌকায় ভোট দিয়েছেন জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কোনো কথা নেই। নৌকার বিজয়ে সম্পূর্ণ অবদান জনগণের।’

এবারের নাসিক নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াইটা মূলত হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এর মধ্যে। তবে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে আইভী এগিয়ে আছেন তৈমূরের চেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *