রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ৫ তলা ভবনের ৪ তলায় ডায়া মেশিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে জানা গেছে।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ৪ তলার ডায়া মেশিনের ভিতরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
এরপর বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার মার্ভিসের ২টি ইউনিট ওই ভবনে পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সরেজমিনে বাঘাবাড়ির মিল্ক ভিটা দুগ্ধ কারখানায় গিয়ে দেখা যায়, শনিবার রাতে আগুন নেভানোর পর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহ ও সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাদের নির্দেশে পাউডার প্লান্টটিতে সিলগালা করে দেওয়া হয়।
এ বিষয়ে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমিয় কুমার মন্ডল জানান, কর্মরত শ্রমিকরা কাজ করার সময় ধোয়া দেখতে পায়। পরে মেশিন বন্ধ করা হয় এবং পাউডার প্লান্টের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসে খবর দেওয়ার ৫-১০ মিনিটের মধ্যেই বাঘাবাড়ি নৌ ও শাহজাদপুর ফায়ার সার্ভিস এসে ৪০-৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনের তেমন কোন ক্ষতি হয়নি। এটি সামান্য ওয়াস করলেই আবারও চালু করা সম্ভব হবে।
