পঞ্চগড়- দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বাংলা সনের মাঘ মাসের প্রথম দিনে জেঁকে বসেছে শীত। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম শীতল বাতাস ও ঘন কুয়াশায় মোড়ানো এ জেলায় তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নেমে এসেছে। ফলে রাতভর টিপ টিপ করে বৃষ্টির মতো ঝরেছে ঘন কুয়াশা। তবে সকালে কুয়াশা কেটে গিয়ে দেখা মিলেছে সূর্যের।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর দিকে হিমালয়ের অবস্থান থাকায় শীত মৌসুমে পঞ্চগড়ে তাপমাত্রা উঠানামা করে। যার কারণে এ জেলায় কনকনে শীত অনূভুত হয় এবং তাপমাত্রাও নিচের দিকে নেমে আসে।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুকনো থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, দুই দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বর্তমানে এই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেঁতুলিয়ায় আকাশে মেঘ আর কুয়াশা কমে গিয়ে উত্তরের হালকা বাতাস থাকলেও ঝলমলে রোদের দেখা মিলেছে।
