নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন পরীমণি

বিনোদন ডেস্ক- আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছিলেন সময়ের আলোচিত নায়িকা পরীমণি।

তবে শারীরিক অবস্থা বিবেচনায় শেষপর্যন্ত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

পরীমণি বলেন, ‘চিকিৎসক আমাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছেন। আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। যেহেতু নির্বাচন করতে গেলে মিনিমাম সময় দেওয়া লাগে। আমি সেই সময়টাও দিতে পারছি না এই মূহুর্তে। তাই ভেবে দেখলাম নির্বাচন না করাটাই আমার জন্য উত্তম।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামী রাজও চায়না আমি এই অবস্থায় নির্বাচনে অংশ নেই। তাই সবমিলিয়ে আমি নিজের ইচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আর নায়ক সাইমনের সঙ্গে এই বিষয়ে গতকাল রাতে আমার কথা হয়েছে। আমি তাদেরকে জানিয়েছি আমার শারীরিক অবস্থার কথা।’

তবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার অভিনেতা পীরজাদা হারুন বলেছেন, ‘এখন আর প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ নেই। পরীমণি চাইলে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে।’

এই নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীমণির জন্যও মনোনয়নপত্র তোলা হয়। পরে ওইদিন রাতেই কার্যকরী সদস্য পদে প্রার্থী হিসেবে সই করেন পরীমণি।

উল্লেখ্য, পরীমণি এখন আলোচনায় বিয়ে ও সন্তানের মা হওয়ার খবরে। গত বছরের ১৭ অক্টোবর স্বপ্নের রাজপুত্র শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা। শুধু তাই নয়, দুজনের ঘর আলোকিত করে আসছে নতুন অতিথি! বর্তমানে রাজধানীর একটি আবাসিক এলাকায় আনন্দে সংসার করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *