তৈমুরের পক্ষে মাঠে নেমেছেন শিল্পী আসিফ আকবর

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা। বিভিন্ন প্রতিশ্রুতি আর উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএন‌পি নেতা অ‌্যাড‌ভো‌কেট তৈমূর আলম খন্দকারের নির্বাচনি প্রচারণায় যোগ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।

নগরীর মেট্রোহল এলাকায় বুধবার (১২ জানুয়ারি) দুপুরে তৈমুরের নির্বাচনি প্রচারণায় ভোট চাচ্ছেন শিল্পী আসিফ আকবর। প্রচারণার বক্তব্যে তিনি বলেন, ১৬ তারিখ অ্যাডভোকেড তৈমুর আলম খন্দকারকে হাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেই সঙ্গে এই লুটেরা, দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছে তাতে সামিল হবে।

তিনি বলেন, হাতি মার্কার বিজয়ের মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে হবে যে আগামী নির্বাচনে দিনের ভোট রাতে করা যাবে না। ১৬ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র পাহারা দিবেন এবং ভোট গণনা পর্যন্ত মাঠে থাকবেন। জনগণের যে জোয়ার উঠেছে তাতে তৈমুর আলম খন্দকার ভাইয়ের বিজয় নিশ্চিত।

নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে আসিফ আকবর বলেন, আপনারা ঐতিহ্যবাহী শহরের বাসিন্দা। তৈমুর ভাইকে বিজয়ী করে জুলুমবাজ, জালিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সূচনা হবে। ইনশাআল্লাহ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে এবং জনগণের বিজয় হবে।

এদিন সকাল থেকে হাজার হাজার নগরবাসীকে সঙ্গে নিয়ে নগরীর খানপুর থেকে প্রধান প্রধান সড়ক ঘুরে এ গণসংযোগ করেন তৈমুর। এ সময় নারী পুরুষ, তরুণ, যুবক, বৃদ্ধ সকলে নেচে গেলে মিছিল করে হাতি মার্কার পক্ষে ভোট চান।

নির্বাচনের প্রচারণার অংশ নেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নাগরিক সামাজিক নানা সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *