সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় ইয়াসমিন আক্তার কবিতা নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে রংপুর মাহিগঞ্জ থানা পুলিশ।
রোববার (৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে ঐ এলাকার বীরভদ্র বালাটারি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় কবিতার বাবা ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মাহিগঞ্জ থানার এসআই আশরাফ আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি ইয়াসমিন আক্তার কবিতা এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়েছে। এ নিয়ে শনিবার রাতে তাকে বেধড়ক পিটিয়েছে তার বাবা।
তিনি আরও বলেন, সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে কবিতার মা চিৎকার করেন। পরে এলাবাসী এসে মরদেহ নামিয়েছে। আমরা মরদেহ থানায় এনেছি। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে আটক করা হয়েছে।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
