এবার প্রথম নয়, নিয়মিতই বাসে যাতায়াত করেন মতিয়া চৌধুরী

রাজধানী ঢাকা থেকে সাধারণ বাসে মতিয়া চৌধুরীর নিজের নির্বাচনি এলাকা শেরপুরের নকলায় যাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

তবে এটিই প্রথম নয়। এভাবেই যাতায়াত করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরী। তিনি শেরপুর-২ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও তিনবারের কৃষিমন্ত্রী।

মন্ত্রী থাকার সময় তিনি সরকারি গাড়িতে যাতায়াত করলেও বাকি সময়টা সরকারি কোনো প্রটোকল ছাড়া বাসে চড়ে যাতায়াত করেন।

গত ৪ জানুয়ারি সকালে মতিয়া চৌধুরী ঢাকার মহাখালী বাসে করে শেরপুরের নকলায় যান। নকলা ও নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে ৬ তারিখ বিকেলে আবার বাসেই ঢাকায় ফেরেন।

এর পরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।

এ বিষয়ে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের নেত্রী আগে থেকেই সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করেন। মন্ত্রী থাকার সময় শুধু সরকারি গাড়ি ব্যবহার করতেন। এই সময়টা ছাড়া তার চলাফেরা আগের মতোই।’

জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘মতিয়া চৌধুরী অন্য যাত্রীদের মতোই ভাড়া দিয়ে যাতায়াত করেন। তিনি আসলে অন্যদের জন্য উদাহরণ।’

পৌর মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, ‘অনেক অনুরোধের পর আপা আমার মাইক্রোবাসে চড়ে বিভিন্ন কর্মসূচিতে গেলেও গ্যাস খরচ তিনিই দেন।’

উল্লেখ্য, ৫ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করতে নালিতাবাড়ী যান মতিয়া চৌধুরী। সেখানে প্রথম দিনে ৫টি ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, দরিদ্রদের মাঝে ৫টি ইউনিয়নে ১৪৬৮ পিস কম্বল বিতরণ করেন। বাকি ইউনিয়নগুলোতে বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ শেষে পাবলিক বাসে ঢাকার উদ্দেশে রওনা হন সাবেক এই মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *