নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে গত কয়েক মাসে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন চুরির ঘটনা। গত এক সপ্তাহের ব্যবধানে নাগরপুর সদর, ধুবড়িয়া ইউনিয়ন সহ অন্তত ৫ টি চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভুক্তভোগী এলাকা সহ আশেপাশের এলাকার সাধারন মানুষ।
এদিকে অজ্ঞাতনামা দুটি অভিযোগের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে ৫ জন চোর গ্রেপ্তার সহ তাদের মালামাল উদ্বার করেছে। সম্প্রতি নাগরপুরের বিভিন্ন এলাকায় শিধেঁল চোর ও গরু চুরির উপদ্রব ব্যপক হারে বেড়ে গেছে।
এতে নি:স্ব হয়ে পড়েছে বেশ কিছু নিরিহ পরিবার। অবশেষে গত বুধবার (৫ ডিসেম্বর) রাতে নাগরপুর থানা পুলিশ এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে গরু ও সিধেঁল সংশ্লিষ্ট ৫ চোরকে গ্রেপ্তার করে।
আটককৃতরা হচ্ছে, বাবনাপাড়া গ্রামের মো. ঠান্ডু মিয়ার ছেলে সোহান (১৯), বেকড়া গ্রামের বাদল মিয়ার ছেলে মো. পিয়াস মিয়া (২১), দৌলতপুর উপজেলার তালুকনগর কলেজপাড়া গ্রামের মো. ঠান্ডু শেখের ছেলে মো. রাজীব মিয়া(২২), নুরুল ইসলামের ছেলে মো. মন্টু মিয়া(১৯) ও মো. মোন্তাজ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬)। উক্ত অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি গরু, এলইডি টিভি ও স্বর্ণালংকার সহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল উদ্বার করা হয়।
ধুবড়িয়া ইউনিয়নের সেনমাইঝাইল এলাকার বাসিন্দা সুবল সরকার বলেন, আমাদের এলাকায় গত দুই মাসে প্রায় ৬ টি গরু চুরি হয়েছে। আমরা ব্যাপক আতংকে দিন পার করছি। এইরকম অভিযান অব্যাহত থাকলে আমরা শান্তিতে থাকতে পারবো, ধন্যবাদ জানাই নাগরপুর থানা পুলিশকে।
নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, অজ্ঞাতনামা দুটি অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
