নজর২৪, কক্সবাজার- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজারে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (০৩ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান বলেন, সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের পূর্ব নির্ধারিত জনসভাস্থলে যুবলীগের কর্মসূচি দেওয়া তাদের হীনমানসিকতার বহিঃপ্রকাশ। জনসভা করতে না পেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে পথসভায় আসার পথে বাধাপ্রাপ্ত নেতা-কর্মীরা উপজেলা শহরেও বিক্ষোভ মিছিল করছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে শহরের শহীদ স্মরণী সড়কে সোমবার বিকালে সমাবেশ ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি। বিএনপি যে জায়গায় কর্মসূচি ডেকেছে সেখান থেকে ৩০ গজ দূরে শহীদ মিনারে সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় উৎসব উদযাপনের কর্মসূচি দেয় যুবলীগ। এর পরপরই প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
আজ সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান।
আবু সুফিয়ান বলেন, অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। কক্সবাজার শহরের শহীদ স্মরণীতে জেলা বিএনপির কার্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে ২০০ গজ ব্যাসার্ধের এলাকা জুড়ে প্রশাসনের এই নির্দেশনা কার্যকর থাকবে। ওই এলাকায় যে কোন ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের জারি করা নির্দেশনা বাস্তবায়নে ঘটনাস্থলে ও মাঠে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে জানিয়ে তিনি বলেন, “নির্দেশনা যারা অমান্য করবে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
