বিনোদন ডেস্ক- ‘২০২১, আমার জীবনের স্মরণীয় ও স্বর্ণালি বছর। জীবন আসলে কোন দিকে যাবে- এটা ভেবে প্রথম দিকে আমি কিছুটা অনিশ্চয়তায় ছিলাম। এই অনিশ্চয়তা কাটিয়ে নানা দিক থেকেই অনেক প্রাপ্তি এসেছে। ওই জায়গা থেকে এখন পর্যন্ত অবশ্যই আমার জীবনের সেরা বছর এটি।’
বিদায়ী বছরের পথপরিক্রমা নিয়ে এভাবেই কথাগুলো বললেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কান যাত্রা, বলিউডের ছবিতে অভিনয়, এশিয়া প্যাসিফিক স্ট্ক্রিন অ্যাওয়ার্ডসে [অ্যাপসা] সেরা অভিনেত্রীর মনোনয়ন লাভ, আন্তর্জাতিক মিডিয়ার সেরা তারকাদের তালিকায় তার নাম ওঠা, মিউজিক্যাল ছবিতে অভিনয়সহ নানা কারণেই বছরজুড়ে আলোচিত ছিলেন এই অভিনেত্রী।
বছর শেষে সংবাদমাধ্যমকে তিনি তার জীবন, ক্যারিয়ার নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন। বলেছেন মেয়েকে নিয়ে তার ভাবনার কথা। আর প্রত্যাশা করেছেন সবাই মিলে ভালো থাকার।
বাঁধন বলেন, ‘অনেকেই বলেছেন এটি আমার ক্যারিয়ারের বাঁক বদলের বছর। এ কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই। আমি মনে করি, এটি আমার পুরো জীবনের পরিবর্তনের বছর। ক্যারিয়ারের উত্থান-পতন থাকেই। আমার জীবনের দর্শন পরিবর্তন হয়েছে। ব্যক্তিগতভাবেও অর্জন অনেক বেশি বছরটিতে। জীবনের বোঝাপড়ায় আমূল পরিবর্তন এসেছে। মানুষ হিসেবে জীবনবোধের পরিবর্তন হয়েছে। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘মানুষ হয়ে ওঠার যে প্রক্রিয়ায় আছি, সেটা সব সময় চালিয়ে যেতে চাই। আমার অনেক ভুলত্রুটি আছে, অজ্ঞতা আছে অবশ্যই। সেগুলো দূর করতে চাই।’
কাজের ক্ষেত্রে যে কাজগুলো বাঁধনের পছন্দ, সেগুলোই আশা করছেন সামনের বছরে। তার পছন্দ হয় এমন কাজ যেন তার কাছে আসে।
নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে বাঁধন বলেন, ‘সে যেন একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে। সেই পথ যেন আমি তাকে তৈরি করে দিতে পারি। সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’
২০২১ নিজের ড্রামাটিক চেঞ্জের বছর বলে মনে করেন বাঁধন। নিজের জন্য বছরটি ভালোই ছিল কিন্তু একা ভালো থাকতে চান না এ অভিনেত্রী। তিনি চান মহামারি থেকে বের হয়ে সবাই মিলে ভালো থাকতে।
বাঁধন বলেন, ‘আশপাশের অনেকে খারাপ আছে দেখলে তখন নিজের ভালো থাকাটা হয় না। নতুন বছরে চাই বৈষম্য দূর হোক। তবে এই চাওয়াটা আমার সব সময় থাকবে।’
এই বৈষম্য যেন সবখানেই কমে যায়। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই যেন দূরত্ব-বৈষম্য-বঞ্চনা কমে যায় এবং মানুষ যেন মানুষের হয়ে, পরিবেশের হয়ে এটাই চান আজমেরী হক বাঁধন।
