মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল প্রতিনিধি- না ফেরার দেশে চলে গেলেন বঙ্গবন্ধুর সহচর ও সাবেক এমপি হাতেম আলী তালুকদারের ভাতিজা, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন কমান্ডার মোঃ আব্দুল কাদের তালুকদার (৭০)।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ী ভারারিয়ায় প্রথম ও ১১টায় নন্দনপুর স্টেডিয়াম মাঠে ২য় জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নন্দনপুর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক-শিক্ষক, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ মল্লিক অফিশিয়াল শোকবার্তায় উপজেলা প্রশাসন, গোপালপুরের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
পরে সংসদ সদস্য ছোট মনির স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নিয়ে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করেন।
