এবার স্কুল প্রতিষ্ঠা করছেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক- তামিল সিনেমার সুপারস্টার ‘থালাপতি’ বিজয়। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।

 

‘বিজয় মাকল আইয়াকাম’ নামে তার একটি ফ্যান ক্লাব রয়েছে। এ ক্লাবের পক্ষ থেকে দুস্থদের সহযোগিতা করা হয়ে থাকে। এবার বিনামূল্যে শিক্ষাদানের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বিজয়।

 

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিজয় ব্যক্তিগত জীবনে শিশুদের খুব ভালোবাসেন। সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূলে শিক্ষা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চেন্নাইয়ের থিরুপোরুরে স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেননি বিজয়। আরেকটি বিষয় উল্লেখ করার মতো—বিজয় তার ফ্যান ক্লাবগুলোর মাধ্যমে তামিল নাড়ুর বেশ কটি স্থানে বিনামূল্যে অভাবী মানুষদের খাবারের জোগান দিচ্ছেন।

 

বিজয়ের পরবর্তী সিনেমা ‘বিস্ট’। এতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব‌্যানারে নির্মিত হচ্ছে তামিল ভাষার অ‌্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা।

 

এই দক্ষিণি তারকার জন্ম চেন্নাইয়ে। তাঁর প্রকৃত নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর। তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই সুপারস্টার বিশ্বজুড়ে ‘থালাপতি বিজয়’ নামে জনপ্রিয়। বিজয়ের বাবা এস চন্দ্রশেখর কলিউডের নামকরা চিত্রপরিচালক।

 

বাবার পরিচালিত ১৫টি ছবিতে তিনি কাজ করেছেন। এর মধ্যে ছয়টিতে বিজয় শিশু অভিনেতা। ভারতীয় ছায়াছবি দুনিয়ার সবচেয়ে ধনী অভিনেতাদের একজন বিজয়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪১০ কোটি রুপি। প্রতিবছর তিনি ১০০ থেকে ১২০ কোটি রুপি আয় করেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *