পারিশ্রমিক নেব না, এটি জন্মদিনের উপহার: পূজাকে আসিফ

বিনোদন ডেস্ক- ২০০৮ সালে ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন বাঁধন সরকার পূজা। এরপর গত এক যুগে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তারমধ্যে উল্লেখযোগ্য-‘তুমি আমার’, ‘দূরে দূরে’, ‘মানে না মন’, ‘কেন বারে বারে’ ইত্যাদি।

 

জনপ্রিয় এই গায়িকার জন্মদিন ছিল মঙ্গলবার (২১ ডিসেম্বর)। রাত ১২টা ১ মিনিটে পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন শুরু হয়। সারা দিনই ফেসবুকে বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন, তবে এবারের জন্মদিনে হাসি ও আনন্দ অন্যভাবে ছুঁয়ে গেছে পূজার জীবন।

 

দিনটিতে ‘আমার পৃথিবী তুমি’ নামে একটি গান উপহার পেয়েছেন তিনি। উপহারটি দিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। আসিফ আকবর ও পূজার দ্বৈতকণ্ঠে গাওয়া এই গানের ভিডিওটি জন্মদিনের দুপুরে পূজার নিজের চ্যানেলে প্রকাশিত হয়েছে।

 

‘আমার পৃথিবী তুমি’ গানটি লিখেছেন মেহেদি হাসান, সুর ও সংগীত মোহাম্মদ মিলনের। সংগীতায়োজন করেছেন এম এম পি রনি।

 

নিজের প্রযোজনায় গানটি করেছেন পূজা। তবে গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য পূজার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেননি আসিফ আকবর। পূজা বলেন, ‘আসিফ ভাই গানটি করার পর আমাকে বলেছেন, “পারিশ্রমিক নেব না, এটি তোমার জন্মদিনের উপহার।”

 

আসিফ ভাইয়ের এই উপহার আমার জন্মদিন আরও রাঙিয়ে দিয়েছে। শুধু গানটির কণ্ঠ দিতেই নয়, গানটির ভিডিও ধারণ করতেও তাঁর অফিস, বাসার ছাদ ব্যবহার করতে দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আসিফ ভাই।’

 

জন্মদিনে নিজের চ্যানেলে এমন একটি গান প্রকাশের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে থাকবে পূজার কাছে। এই গায়িকা বলেন, ‘জন্মদিনে আসিফ ভাইয়ের সঙ্গে গাওয়ার আমার একটি গান আমার চ্যানেল থেকে প্রকাশিত হলো। উপহারের এই গান সব সময় মনে থাকবে আমার। জন্মদিনটাও স্মরণীয় হয়ে থাকবে।’

 

বেশির ভাগ সময়ই বিভিন্ন অডিও কোম্পানির জন্য গান করেন পূজা। এবার নিজের চ্যানেলের জন্য গান করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানেও আসিফ ভাইয়ের পরামর্শ আছে। অনেক দিন থেকেই আসিফ ভাই বলে আসছিলেন, সবাই নিজের চ্যানেলে গান প্রকাশ করে চ্যানেল শক্তিশালী করছেন, আমি কেন করছি না। তাঁর উৎসাহেই বিশেষ দিনটি বেছে নিয়ে নিজের চ্যানেলে গানটি প্রকাশ করেছি। এখন থেকে নিয়মিত করার ইচ্ছা আছে।’

 

কেমন কাটল বছর? জানতে চাইলে তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর অনেক ভালো কেটেছে। গত বছর ঘরবন্দি অবস্থায় গানের রেকর্ডিং করতে পেরেছিলাম। কিন্তু এবার গান রেকর্ডিং, প্লেব্যাক, স্টেজ শোও করছি। আর বছরের শেষ কয়েকটা মাস সবচেয়ে বেশি ব্যস্ত কাটছে। এ বছর শুধু আমি নই। সবাই খুব বেশি কাজ করেছে। মিউজিশিয়ানরাও ব্যস্ত হয়ে পড়েছেন। সব মিলিয়ে বলব এই বছরটা আমাদের সবার জন্যই ভালো কিছু বয়ে এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *