রোববার থেকে সারাদেশে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

নজর২৪ ডেস্ক- পৌষ শুরু হতে না হতেই কমতে শুরু করেছে তাপমাত্রা। কনকনে বাতাসে উত্তরে নামছে রাতের তাপমাত্রা। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে উত্তরাঞ্চলের লালমনিরহাট ও পঞ্চগড় জেলায়।

 

এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৯ ডিসেম্বর) সেই তাপমাত্রা আরও কমে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রিতে নামতে পারে। শুরু হতে পারে এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।

 

অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রোববার দিবাগত রাতে তাপমাত্রা অনেক কমে যেতে পারে। মঙ্গলবার পর্যন্ত বিরাজ করতে পারে এ অবস্থা। বুধবার থেকে দিনের তাপমাত্রা আবার হয়তো কিছুটা বাড়বে।

 

সাধারণত কোনো বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। তাপমাত্রা ৬-৮ ডিগ্রি থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ আর তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক-দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়াও এই সময়ে দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশায় পড়তে পারে।

 

শনিবার সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার জেলার টেকনাফে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।

 

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *