বিনোদন ডেস্ক- আজ শাবনূরের জন্মদিন। এ উপলক্ষে নতুন ঘোষণা দিলেন চিত্রনায়িকা। আজ থেকে নতুন করে নিজের ইউটিউব চ্যানেল খুলছেন তিনি। এখন থেকে নিয়মিত এই চ্যানেলে প্রকাশ করবেন নিজের বানানো বিভিন্ন ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সময় দিতে চান শাবনূর। সেই উদ্দেশে আগেই একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কিন্তু সেই চ্যানেল হ্যাক হয়ে যায়। চ্যানেলটি পুনরুদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। শাবনূর নিজেই সেই খবর জানিয়েছেন সবাইকে। তাই এবার নতুন করে খুলছেন ইউটিউব চ্যানেল। ঘোষণাটি তিনি দেশে এসেই দিতে চেয়েছিলেন। কিন্তু সেটা আর হয়ে উঠল না।
২০১২ সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যেতে থাকেন শাবনূর। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন। গত বছরের ফেব্রুয়ারিতে অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহবিচ্ছেদ হয়। তাই এখন সন্তানকে নিয়েই প্রবাস জীবন কাটছে নায়িকার।
কথা ছিল জন্মদিনের আগেই দেশে ফিরবেন। দেশেই উদ্যাপন করবেন জন্মদিন। কিন্তু সেটা আর হচ্ছে না। শাবনূর বলেন, ‘দূরে আছি এটা ঠিক, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমি এখন অনেকটাই নিয়মিত। তাই মনে হয়, সবার কাছাকাছিই আছি। সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে। আমি পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় আছি। এখানেই আমার জন্মদিন উদ্যাপন করব। আবার ইউটিউব চ্যানেল খুলে ভিডিও প্রকাশের প্রস্তুতি নিচ্ছি।’ ভক্তদের জন্যই তাঁর এই উদ্যোগ, জানিয়েছেন শাবনূর।
উল্লেখ্য, জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বড় পর্দায় অভিষেকের পর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেছেন। অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে। বিখ্যাত পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন এ অভিনেত্রী। ১৯৯৩ সালে নায়ক সাব্বিরের বিপরীতে ‘চাঁদনী রাতে’ সিনেমায় অভিনয় করেন তিনি। অভিষেক চলচ্চিত্র মুক্তির পর সাড়া ফেলতে পারেননি এই অভিনেত্রী।।
১৯৯৪ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘তুমি আমার’ সিনেমায়। এই সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন শাবনূর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা চলচ্চিত্রে জন্ম হয় এক কালজয়ী জুটির। কিন্তু সালমান শাহের অকাল প্রয়াণে এই জুটি খুব বেশি সিনেমায় অভিনয় করতে পারেনি। তারপরও মাত্র ১৪টি সিনেমায় জুটি বেঁধে সালমান-শাবনূর, রাজ্জাক-কবরী জুটির পর এখনো দর্শকের কাছে সেরা জুটি হয়ে আছেন।
সালমান শাহর পর রিয়াজ, ফেরদৌস, মান্না, অমিত হাসান, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর। অসাধারণ অভিনয় দক্ষতায় জিতে নেন জাতীয় চলচিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
