চিকিৎসার জন্য অনেকে শখ করে বিদেশ যান: স্বাস্থ্যমন্ত্রী

নজর২৪, ঢাকা- দেশের সব রোগের সুচিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেকে শখ করে বিদেশে চিকিৎসা নিতে যান বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নন-রেসিডেন্সি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেকেই শখ করে বিদেশে চিকিৎসা নিতে যান। দেশে সব রোগের সুচিকিৎসা বা সুব্যবস্থা রয়েছে। তাই বিদেশ না গিয়ে দেশে চিকিৎসা নেয়ার আহ্বান জানাচ্ছি।

 

‘করোনার মধ্যে চিকিৎসা নেয়ার জন্য কেউ বিদেশ যেতে পারেননি। স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাসহ সব চিকিৎসার সুব্যবস্থা করেছে। দেশে যথেষ্ট ভালো হাসপাতাল রয়েছে, উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উন্নত যন্ত্রপাতি রয়েছে। তবে আমাদের আস্থার অভাব আছে। আমরা এখনও পুরোপুরি আস্থা রাখতে পারছি না।’

 

মন্ত্রী বলেন, করোনায় আমাদের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করছি। আমাদের সব কাজ চলছে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে, করোনার সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি।

 

জাহিদ মালেক বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ আবারও বেড়েছে। তাই আমাদের সতর্ক হতে হবে।

 

টিকা প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সবাইকেই টিকা নিতে হবে। টিকা নিলেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমরা শুরু করে দেব। আমাদের কাছে সাড়ে চার লাখ ভ্যাকসিন সংরক্ষিত আছে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এই প্রথমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তি দেওয়া হচ্ছে। এজন্য বিএসএমএমইউ ভিসির বিশেষ কৃতিত্ব রয়েছে। এটি একটি ছোট অ্যামাউন্ট, কিন্তু এটি একটি সম্মাননা। আশা করি আপনারা গুরুত্বের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং দেশের জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করবেন।

 

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসএমএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *