বিনোদন ডেস্ক- একটা সময় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সংসার শুরুর স্বপ্ন দেখেছিলেন ভারতের টেলিভিশন কুইন অঙ্কিতা লোখান্ডে। কিন্তু অসম্পূর্ণই রয়ে গিয়েছে সেই স্বপ্ন। ২০১৬ সালে ভেঙে যায় সুশান্ত-অঙ্কিতার সেই প্রেমের সম্পর্ক। তবে অতীতের স্মৃতি কোনদিন মুছে ফেলেননি অঙ্কিতা।
এবার জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজকীয় আয়োজনে সাত পাকে বাঁধা পড়লেন ভিকি জৈনের সঙ্গে। অঙ্কিতার হবু বর ভিকি জৈন পেশায় ব্যবসায়ী। বক্স ক্রিকেট লীগে একটি টিমও রয়েছে ভিকির।
জানা গেছে, মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বসেছিল অঙ্কিতা-ভিকির বিয়ের আসর। সেখানে তাদের পরিবার, আত্মীয় ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।
বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অঙ্কিতা লেখেন, ‘ভালোবাসা ধৈর্যশীল, কিন্তু আমরা নই। সারপ্রাইজ। আনুষ্ঠানিকভাবে আমরা এখন মিস্টার অ্যান্ড মিসেস জৈন।’
সুশান্তের সঙ্গে ব্রেকআপ হয়ে গেলেও কাদা ছোঁড়াছুড়ি করেননি তারা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি নিজের বিয়েতেও সুশান্ত অভিনীত ‘রাবতা’ সিনেমার গান বাজিয়েছেন অঙ্কিতা।
গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তার মৃত্যুকে আ ত্ম হত্যা বলা হলেও নানা রহস্য জড়িয়ে আছে। এ বিষয়ে একটি মামলা এখনো চলমান রয়েছে। অঙ্কিতাও প্রাক্তন প্রেমিকের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছেন একাধিকবার।
