বিনোদন ডেস্ক- অভিনেত্রী পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। ফলে রাজধানীর বনানী থানায় তার বিরুদ্ধে করা মাদক মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি পিছিয়েছে।
ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ২ জানুয়ারি নতুন তারিখ রেখেছেন।
ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ গত ১৫ নভেম্বর সিআইডির দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য মামলাটি দশ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার সেই শুনানি হওয়ার কথা থাকলেও আসামি পরীমনির অসুস্থতার কথা জানিয়ে তার আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
আইনজীবী সুরভী পরে সাংবাদিকদের বলেন, ‘পরীমনি আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু হঠাৎ করেই তার ভার্টিগো রোগটি (মাথা ঘোরা অনুভূতি) বৃদ্ধি পায়। তিনি গাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যান। এমতাবস্থায় তাকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমরা চার্জশুনানি পেছানোর আবেদন করেছি।’
শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২ জানুয়ারি শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
বনানী থানায় র্যাবের করা এই মাদক মামলার অপর দুই আসামি পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন।





