আদালতে মামুনুল হককে দেখে স্লোগান, ২ অনুসারী গ্রেপ্তার

নজর২৪ ডেস্ক- ধ র্ষ ণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে নারায়ণগঞ্জের আদালতে দেখা করতে গিয়ে স্লোগান দিয়ে গ্রেপ্তার হয়েছেন দুই অনুসারী।

 

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে আদালতের ফটকের বাইরে থেকে তাদের আটক করে পুলিশ। পরে নেয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সোনারগাঁও থানায় পুলিশের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী গ্রামের মাহমুদুল হাসান এবং টাঙ্গাইলের বেড়ীপটল গ্রামের মোহাম্মদ আলী।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ধ র্ষ ণ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মামুনুলকে কাশিমপুর কারাগারে নেয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। গাড়িটি আদালতের ফটকের বাইরে গেলে ওই দুজন স্লোগান দিয়ে বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ তাদের আটক করে।

 

পুলিশ কর্মকর্তা জাহেদ পারভেজ জানান, রাত ৮টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাদের নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটির তদন্তে রয়েছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামুনুল হককে আদালতে আনার খবর পেয়ে তার অনেক অনুসারী আদালত চত্বরে জড়ো হন। তারা ফটকের বাইরে ছিলেন।

 

তিনি জানান, সকাল থেকে আদালতের গেট দিয়ে বহিরাগতের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *