শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নজর২৪, ঢাকা- ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বর্ষা আর মেঘলা মেদুর আবহাওয়া কেটে গেছে। ৪ দিন পর রাজধানীর আকাশে দেখা মিলেছে ঝকঝকে সূর্যের।

 

কিরণ বিচ্ছুরণে উষ্ণতা ছড়ালেও তাপমাত্রা নিম্নগামী হওয়ার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, জাওয়াদের সৃষ্ট মেঘের কারণে ভূপৃষ্ঠে আটকে থাকা তাপমাত্রা ওপরে উঠে ঠাণ্ডা হয়ে যাবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পসহ দক্ষিণা হাওয়া আসা বন্ধ হয়ে গেলে উত্তর থেকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় আরো কাছাকাছি আসবে। ফলে শীতের মাত্রা বাড়বে।

 

দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানতে চাইলে শনিবার বেলা পৌনে ১১টার দিকে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শনি ও রোববার দেশের তাপমাত্রা কমতে পারে। সোমবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

 

এ আবহাওয়াবিদ জানান, এ তিন দিন বৃষ্টিপাতের আশঙ্কা তেমন নেই।

 

তিনি আরও জানান, শৈত্যপ্রবাহ শুরু হলে দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

 

এদিকে আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

 

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

এতে উল্লেখ করা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াম কমতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *