বিনোদন ডেস্ক- কোট কাছারি, বিচারক, আইনজীবী, হাজিরা, মামলা, বাদি আর বিবাদি এই শব্দগুলো এখন নিত্যদিনের সঙ্গী ঢালিউড সুপারস্টার পরীমণির। যদিও এসব নিয়ে খুব বেশি বিচলিত না তিনি। সিনেমার কাজেই ধ্যান মগ্ন হয়ে থাকতে পছন্দ করেন পরী।
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ছবির শুটিং সম্প্রতি শেষ করেছেন পরীমণি। বর্তমানে ঢাকাতে বসেই ‘প্রীতিলতা’ সিনেমার পরের ধাপের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন পরীমনি। প্রীতিলতা চরিত্রের জন্য চুলও কেটেছেন। তবে অভিনেত্রীর বোধহয় মন-মেজাজ ভালো নেই। তাইতো, গভীর রাতে সাধের আইফোন ভাঙলেন!
বুধবার রাত ১২টা ১৯ মিনিটে নিজের স্মার্টফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স) ভেঙে ফেসবুকে জানান দেন চিত্রনায়িকা পরীমনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন- ‘Done’।
যে তিনটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন, তাতে বোঝাই যাচ্ছে রাগের মাথায় হয়তো আছাড় দিয়েছেন ফোনটি! তবে, কেন-ই বা এভাবে ফোনটি ভাঙলেন, সেই বিষয়ে কিছুই জানাননি নায়িকা।
এর ঘণ্টাখানেক আগেই চিত্রনায়িকা পরীমনি একটি ছবি প্রকাশ করেন নিজের ফেসবুক পেইজে। হাস্যোজ্জল নেই ছবি ক্যাপশনে লেখেন- ‘এই যে আমি… ’।
ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। একের পর এক কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পরীমনির দুই ছবি ‘বিশ্বসুন্দরী’ ও ‘স্ফুলিঙ্গ’। এছাড়া অরণ্য আনোয়ারের ‘মা’ আর চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ সিনেমাতেও অভিনয় করবেন পরীমনি। শিগগিরই সেগুলোর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
