প্রধানমন্ত্রী চাইলেও মুরাদকে এমপি পদ থেকে বাদ দিতে পারবেন না: পরিকল্পনামন্ত্রী

নজর২৪ ডেস্ক- পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন কাজ কঠিনভাবে করেন। আপনারা লক্ষ্য করেছেন একজন দায়িত্বশীল মন্ত্রী অন্যায় করেছিলেন, দেশের মানুষ প্রতিবাদ করেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তার সমালোচনা হয়েছিল। সেগুলো দেখার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তাকে কোনো সুযোগ দেননি। অ্যাকশন নিয়েছেন, দেশের মানুষ সাক্ষী।

 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের মো. নূরুল হক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্ত্রী এসব কথা বলেন।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু অ্যাকশন আছে তিনি (প্রধানমন্ত্রী) চাইলেও নিতে পারবেন না। তিনি তাকে (ডা. মুরাদ) সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারবেন না। কারণ তিনি (ডা. মুরাদ) আইন দ্বারা নির্বাচিত সংসদ সদস্য, সেখানেও আইন আছে। সেই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন। তবে বেশিরভাগ সময় তিনি অত্যন্ত নরম ও কোমল, মায়ের মতো। সুতরাং তাকে সহায়তা করতে হবে।

 

এমএ মান্নান বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের জন্মদানের পর থেকেই মায়েরা সবচেয়ে বেশি কষ্ট করেন। তবে বর্তমান সরকার প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণে বদ্ধ পরিকর। প্রতিটি উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা আমরা সমর্থন করি। রাষ্ট্রের কাজ হলো মানুষের নিরপত্তা, ন্যায় বিচার, শিক্ষা নিশ্চিত করা।’

 

আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার বিষয়টি আইনের আওতাধীন। কারণ প্রধানমন্ত্রী চাইলে বা ইচ্ছে করলেই এই বিষয়ে কিছু করতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *