বিনোদন ডেস্ক- ‘কাঠবিড়ালী’ খ্যাত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া গতকাল ২৮ বছর পূর্ণ করলেন। নিজের জন্মদিনে জানালেন, ৩০ বছর হলেই বিয়ের পিঁড়িতে বসবেন! বিশেষ দিনে রাজধানীর অদূরে আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
প্রেম নিয়ে প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেও নায়িকা জানিয়েছেন বিয়ের সময়। এই প্রসঙ্গে স্পর্শিয়ার ভাষ্য, ‘বিয়ের জন্য আমি আমার মায়ের কাছে দুই বছরের সময় চেয়েছি। প্যান্ডামিকের কারণে এমনিতেই দুই বছর পিছিয়ে আছি। আমার যেগুলো স্বপ্ন আছে, যে কাজগুলো করতে চাই- সেগুলো আগে গোছাবো। আর এসব কারণেই মায়ের কাছ থেকে দুই বছরের সময় চেয়ে নিয়েছি।’
জন্মদিনে নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও ঘোষণা দেন স্পর্শিয়া। বলেন, ‘আমি একটি বিজনেস চালু করতে যাচ্ছি। বলতে গেলে আজকেই শুরু করছি। এটার নাম ‘টাচড বাই স্পর্শিয়া’। একদম অনলাইন ভিত্তিক আমার এই পোশাক বিক্রির প্রতিষ্ঠান। এখান থেকে যা আয় হবে একটি সেচ্ছাসেবী স্কুলের (আলোকিত শিশু) বাচ্চাদের জন্য আয়ের ১০ ভাগ আমি দিয়ে দেব।’
অর্চিতা স্পর্শিয়ার সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’। নতুন সিনেমায় দেখা যাচ্ছে না কেন? স্পর্শিয়ার উত্তর বলেন, “আমি তো আগেই কাজ কমিয়ে দিয়েছি। ভাল গল্প পেলে আর সেটা পছন্দ হলেই তবে কাজ করি। বর্তমানে ‘ক্ষমা নেই’ নামে একটি সিনেমার শুটিং করছি, ইতোমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে, শিগগির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। ফেব্রুয়ারি থেকে দুটি সিনেমার শুটিং আছে। আমার কাজ চলছে, কিন্তু রিলিজগুলো আটকে আছে।”
স্পর্শিয়ার জন্মদিনে খোলামেলা এই আলাপে উঠে এসেছে শোবিজের সাম্প্রতিক বিব্রতকর ঘটনা ‘কল রেকর্ড’ ফাঁস প্রসঙ্গেও। এড়িয়ে যাননি। বরং স্পষ্ট কণ্ঠে স্পর্শিয়ার ভাষ্যটি এমন, ‘আমাদের দেশে, সমাজে, ইন্ডাস্ট্রিতে আরও অনেক ভালো ভালো ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে আলাপ করা উচিত। অথচ সেটা না করে আমরা মানুষের পারসোনাল বিষয় নিয়ে প্রচুর কথা বলছি, ভাইরাল করছি। এগুলো আমাদের জীবন ও সোসাইটিতে কোনও কন্ট্রিবিউট করছে না। জাস্ট ইউজলেস।’
তারকাদের জীবনে নেমে আসা এসব বিব্রতকর ঘটনা ট্যাকেল দেওয়া প্রসঙ্গেও রাস্তা দেখান এই অভিনেত্রী। বলেন, ‘এসব নিয়ে কথা না বাড়িয়ে আমাদের সাইবার ক্রাইমে যাওয়া উচিত সবার আগে। পুলিশ এটা নিয়ে খুবই ভালো কাজ করছে।’
