আপনার সঙ্গে কাজ করে গর্বিত: নিশোকে পলাশ

বিনোদন ডেস্ক- বর্তমানে ছোট পর্দার শীর্ষ অভিনেতা আফরান নিশো। একের পর এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে সব শ্রেণির দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

 

বুধবার (০৮ ডিসেম্বর) এই অভিনেতা জীবনের নতুন আরেকটি বছরে পা দিয়েছেন। ১৯৮০ সালের এদিনে টাঙ্গাইলের ভূঞাপুরে জন্ম নেন নিশো।

 

নিশোর সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তাদের জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

 

নিশোর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তার প্রতি মুগ্ধতার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন পলাশ।

 

পলাশ লিখেছেন, ‘একজন অভিনেতা হিসেবে যে জায়গায় আপনি নিজেকে অধিষ্ঠিত করেছেন তা অনেকের কাছে স্বপ্নের সমান। প্রতিনিয়ত আপনাকে দেখে মুগ্ধ হই। আপনার কাছ থেকে শেখার চেষ্টা করি প্রতিনিয়ত।’

 

আফরান নিশোর সঙ্গে বেশ কিছু নাটকে কাজ করেছেন জিয়াউল হক পলাশ। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লিখেছেন, “একজন ‘আফরান নিশো’-কে কাছ থেকে দেখার, তার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। সেই জন্য আমি গর্বিত। এই অভিজ্ঞতা নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই৷ আপনার জন্য সম্মান, ভালোবাসা, বিস্ময় রেখে দিলাম!”

 

প্রসঙ্গত, ২০০৩ সালে শোবিজে পথচলা শুরু করেছিলেন আফরান নিশো। এরপর ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘ঘরছাড়া’ নাটকের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এ পর্যন্ত কয়েক’শ নাটকে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *