ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

নজর২৪ ডেস্ক- মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম স্থানে রয়েছেন। বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মাঝ থেকে ১০০ জনকে বেছে নিয়ে মঙ্গলবার এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস।

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এই তালিকায় ৪৩তম স্থানে আছেন। এর আগে ২০২০ সালে ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় ৩৯তম স্থানে ছিলেন তিনি।

 

শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা ওয়াজেদ চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন তিনি; যা তার মেয়াদেই টানা তৃতীয়বার। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জিতে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ।

 

ফোর্বস বলছে, এবারের মেয়াদই নিজের জন্য শেষ হিসেবে মনে করেন শেখ হাসিনা। এই মেয়াদে জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

 

মার্কিন এই সাময়িকী লিখেছে, ‌‘শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। বাংলাদেশি নির্বাচনে ভোটারদের দমনের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ।’

 

যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক ম্যাকেঞ্জি স্কট তালিকায় আছেন শীর্ষে। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরপরই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে।

 

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আছে ৩৭ নম্বরে। আর রানি দ্বিতীয় এলিজাবেথের অবস্থান ৭০-এ। টানা ১১ বার শীর্ষে থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল স্থান পাননি এবারের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *