আলালের পক্ষে সাফাই গাইলেন মির্জা ফখরুল

নজর২৪ ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল যে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন, তাকে ‘ন্যায়সঙ্গত সমালোচনা’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘তাকে হয়রানি করা হচ্ছে।’

 

বুধবার (০৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা বলেন ফখরুল। আলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে উল্লেখ করে এই বিবৃতি দেন তিনি।

 

বিএনপি ঘরনার একটি আলোচনায় দলটির যুগ্ম মহাসচিব আলাল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। এই ভিডিও পোস্ট করে বিএনপি নেতার শাস্তির দাবি জানাচ্ছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আলালের বিরুদ্ধে বিএনপি কী ব্যবস্থা নেবে-সেই প্রশ্ন রেখেছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারাও।

 

এদিকে আলালের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

তবে আলালের বক্তব্যের পক্ষেই বলছেন মির্জা ফখরুল। বলেন, ‘যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার থাকেন। সে জন্যই সরকার তাকে টার্গেট করে ছাত্রলীগ নেতাকে দিয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। অথচ বর্তমানে বিদেশে একটি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।’

 

আলাল কী বলেছিলেন, সেটি উল্লেখ না করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের বিরুদ্ধে তীব্র ন্যায়সঙ্গত সমালোচনা করার জন্যই তাকে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে।’

 

সরকার ‘কর্তৃত্ববাদী শাসন’ চিরস্থায়ী করার জন্যই বিভিন্ন কালাকানুন করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ডিজিটাল নিরাপত্তা আইন তার মধ্যে অন্যতম। এখন এই কালাকানুনে বিএনপি নেতাদেরকে জড়িয়ে দেশে একটি নির্বাক পরিস্থিতি সৃষ্টির আয়োজন চলছে।’

 

আলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে দাবি সেটিরই বহিপ্রকাশ উল্লেখ করেন ফখরুল। বলেন, ‘আমি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *