ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্ত মানসিক ভারসাম্যহীন ছেলে কোদাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের হেংগারচালা গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে হাসমত আলী (৩৫) কে আটক করেছে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর হেংগারচালা গ্রামের ছোমেদ আলীর ছেলে হাসমত আলী। তার আরেক ভাই প্রবাসী। অতিরিক্ত মাদক সেবনের কারণে গত দেড় বছর যাবৎ হাসমত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মানসিক রোগী থাকার কারণে তার বাবা-মাতা কে ঘরের বারান্দার একটি কক্ষে শিকল দিয়ে বেধে রাখত।
শনিবার রাত অনুমান ৮টার দিকে শিকল বাধা খুঁটি উঠে যায়। এ সময় সে কিছু বুঝে উঠার আগেই ঘরে ঢুকে তার বাবা ছোমেদ আলী (৫০) কে লাঠিপেটা করতে থাকে। এক পর্যায়ে ঘরে থাকা কোদাল হাতে পেয়েই রুদ্রমূর্তি ধারণ করে। সে কোদাল দিয়ে কুপিয়ে তার বাবার মাথা ছিন্নভিন্ন করে ফেলে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় তার মা বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোর্পদ করে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর ধারণা শিকল দিয়ে বেধে রাখার কারণে বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে এই নির্মম ঘটনা ঘটিয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। লাশ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।
