মুরাদকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হবে: ওবায়দুল কাদের

নজর২৪, ঢাকা- নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও ফোনালাপ ফাঁসের জেরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো মুরাদ হাসান দল থেকেও বাদ পড়ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। দলীয় পদ আছে তার। তবে ঢাকায় কোনো পদ নেই। তিনি জামালাপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবারকল্যাণ সম্পাদকের পদে রয়েছেন। ওই পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’

 

আজ (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব এ তথ্য দেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘যতোটুকু জানি, জামালপুর জেলা আওয়ামী লীগ আজ সভা ডেকেছে। সভাটি ডা. মুরাদ হাসানকে নিয়েই। তার বিষয়টি সেখানে প্রধান আলোচ্যসূচি। তারা (জেলা কমিটি) সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দেবে। এ রকম সিদ্ধান্ত নেবেন বলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে।’

 

মুরাদ হাসানের দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হবে কি না, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়ে আমরা সেন্ট্রালি (কেন্দ্রীয় কমিটি) সিদ্ধান্ত নেবো। পরবর্তী ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত নেবো। যেভাবে গাজীপুরের মেয়র এবং ওই মহানগর কমিটির সাধারণ সম্পাদকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটির মিটিং ছাড়া করার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠকে তার (মুরাদ হাসান) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

 

সংসদীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি পরের ব্যাপার। এ বিষয়ে স্পিকার সিদ্ধান্ত নেবেন। এখন আপাতত যেটা হয়েছে, প্রতিমন্ত্রীর পদ থেকে তাকে সরে যেতে হলো। দলেও একটা পদে ছিল, সেখানেও অব্যাহতি পাচ্ছে। এমপি পদে থাকার বিষয়েও যদি সেরকম গুরুতর কোনো অভিযোগ আসে, সেটা সংসদের স্পিকার সিদ্ধান্ত নিতে পারেন।’

 

সম্প্রতি খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে ফেসবুক লাইভ আলোচনায় কুরুচিকর মন্তব্য করে ব্যাপক সমালোচনায় পড়েন ডা. মুরাদ। এরপর সামাজিকমাধ্যমে ভাইরাল হয় নায়িকা মাহির সঙ্গে তার আপত্তিকর ফোনালাপ। এরমধ্যেই আরেক ভিডিও আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের নিয়েও তিনি অপমানজনক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে দল ও দলের বাইরে।

 

এসবের জেরে গতকাল (সোমবার) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরে আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান।

 

এদিকে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর কোথাও পাওয়া যাচ্ছে না মুরাদ হাসানকে। গণমাধ্যম জানতে পেরেছে ধানমন্ডির বাসা থেকে তিনি সোমবার বেলা ১১টার দিকে বের হন। ২৪ ঘণ্টা কেটে গেলেও ফেরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *