পানির দাবিতে শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

নজর২৪ ডেস্ক- পানির দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পূর্ব শেওড়াপাড়ার বিক্ষুব্ধ অধিবাসীরা। আজ রোববার সকাল ৯টার দিকে পূর্ব শেওড়াপাড়ার অধিবাসীরা সড়ক অবরোধ করেন।

 

বিক্ষোভকারীরা মিরপুর থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কে অবস্থান নেন। ফলে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী নগরবাসী।

 

ঘণ্টাখানেক সড়কে অবস্থান করেন বিক্ষোভকারীরা। পরে তাঁরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা কলসসহ পানি রাখার নানা পাত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন।

 

বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ‘পানি নাই, পানি চাই’। তাঁরা মাইকে তাঁদের দাবির কথা জানান।

 

আন্দোলনকারীরা জানান, পূর্ব শেওড়াপাড়ায় প্রায় দুই মাস ধরে পানি পাচ্ছেন না বাসিন্দারা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। তাই শেষপর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *