৫২ লাখের ঘোড়া উপহার নিয়ে বিপাকে জ্যাকুলিন!

বিনোদন ডেস্ক- বহুল আলোচিত ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় দিল্লির রোহিণী জেলে বন্দি রয়েছেন সুকেশ চন্দ্রশেখর নামের এক ব্যক্তি। তার বিরুদ্ধে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দেওয়া চার্জশিটে ওঠে এসেছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির নাম।

 

চার্জশিট অনুযায়ী বিপাকে পড়তে চলেছেন এই দুই তারকা। তারা সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে নানা সময় প্রচুর উপহার নেওয়ার তথ্য পাওয়া গেছে।

 

ইডি’র অভিযোগ, জ্যাকুলিনকে প্রায় ১০ কোটি রুপি মূল্যের উপহার দিয়েছিলেন সুকেশ। তার মধ্যে রয়েছে ৫২ লাখের একটি ঘোড়া এবং ৯ লাখের একটি পার্সিয়ান বিড়াল।

 

এছাড়া নোরা ফতেহিকে সুকেশ একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছে বলেও জানানো হয়েছে।

 

এদিকে জ্যাকুলিন ফার্নান্দেজ জানিয়েছেন, তিনি সুকেশ চন্দ্রশেখরকে চেনেন না। কিন্তু এই আসামীর ফোনে একটি ছবি পাওয়া গেছে, যেখানে তার সঙ্গে জ্যাকুলিনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। তাই অভিনেত্রীকেও কড়া নজরদারিতে রেখেছে সংস্থাটি।

 

উল্লেখ্য, চেন্নাইয়ের বাসিন্দা সুকেশের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তার অভিযোগ, এক বছরে তার কাছ থেকে ২০০ কোটি রুপি আত্মসাৎ করেছে সুকেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *