মেয়র আব্বাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ

নজর২৪, রাজশাহী- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার আলোচিত মেয়র আব্বাস আলীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে সকালে ৭টার দিকে মেয়র আব্বাস আলীকে আদালতে তোলে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। কিন্তু আদালত রোববার (৫ ডিসেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করে মেয়র আব্বাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে রাজধানীর হোটেল রাজমনি ইশা খাঁ থেকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করে র‍্যাব।

 

ঘরোয়া একটি আলোচনায় মেয়র আব্বাস বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরোধিতা করে কথা বলেন। ২২ নভেম্বর সেই আলোচনার অডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

 

২৪ নভেম্বর মেয়র আব্বাসের নামে বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার বাদী হন নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নম্বর কাউন্সিলর আব্দুল মোমিন।

 

এছাড়া চন্দ্রিমা থানায় নগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এবং রাজপাড়া থানায় ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন একই ধরনের অভিযোগ জমা দিয়েছেন।

 

আপত্তিকর মন্তব্যের সূত্রধরে ২৫ নভেম্বর তাকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ এবং ২৬ নভেম্বর জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

 

২৫ নভেম্বর কাটাখালী পৌরসভার ১২ জন কাউন্সিলরের সবাই তার প্রতি অনাস্থা জানিয়ে অপসারণের দাবি জানিয়েছেন। এই দাবির একটি আবেদন রাজশাহী জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *