বিনোদন ডেস্ক- মিমি চক্রবর্তী। এই নামের আর নতুন করে পরিচয় দেওয়ার হয়ত দরকার নেই। টলি পড়ার জনপ্রিয় অভিনেত্রী তিনি। রাজনীতিতে নাম লিখিয়েও হয়েছেন তৃণমূলের সাংসদ। অভিনয়, রাজনীতি আর পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।
সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব মিমি চক্রবর্তী। অভিনয়, রাজনীতি ও পারিবারিক নানা বিষয়—সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। ইনস্টাগ্রামে ৩০ লাখ অনুসারী রয়েছে তার। মাঝে মধ্যেই প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে থাকেন মিমি। এ সময় ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এই তারকা।
সম্প্রতি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মিমি। এ সময় এক ভক্ত জানতে চান মিমি কীভাবে নিজের ত্বকের যত্ন নেন।
জবাবে তৃণমূলের এ সংসদ সদস্য বলেন, ‘ত্বকের যত্ন নেওয়ার জন্য যে নিয়মগুলো আপনি পালন করছেন, সেগুলোই মন দিয়ে করে যান। একদিনেই সুফল পাওয়া যাবে না। টানা করে যেতে হবে। জল খেতে হবে। ত্বককে আর্দ্র রাখতে হবে। আর অতি অবশ্যই সানস্ক্রিন লোশন মাখতে হবে।’
এই তো গেল ত্বকের কথা। মিমির মনের খবর কী? মন খারাপ হলে কী করেন তিনি? জানতে চাইলেন এক অনুরাগী। ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপের উত্তর, ‘মন খারাপ হলে আমি খুব একটা কিছু করি না। বেশি ভাবনাচিন্তা করি আর ভুলভাল খেয়ে ফেলি। বিশেষ করে মিষ্টি। আর ঘুমোই।’
এরপরই আরও এক অনুরাগীর প্রশ্ন, অভিনেত্রী বা সংসদ সদস্য না হলে কী হতেন? সময় না নিয়েই মিমির উত্তর, ‘পপস্টার’। ম্যাডোনার ভক্ত মিমি। তাকে দেখেই প্রথম ‘পপস্টার’ হওয়ার ইচ্ছে জাগে তার।
