নজর২৪, ঢাকা- ছাত্রলীগ নেতাকর্মীরা কখনো ধর্ষণ-নির্যাতনের সাথে জড়িত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
শনিবার (১৭ অক্টোবর) সকালে দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ‘নারীদের ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশ সঞ্চালনা করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ৷
এসময় কোথাও ধর্ষণ-নির্যাতনের কোন অভিযোগ উঠলে, নিপীড়নের শিকার হলে সাথে সাথে তা পুলিশকে জানানোর পরে ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য দেয়ার পরামর্শ দেন আল নাহিয়ান খান জয়।
আল নাহিয়ান খান জয় বলেন, ‘ধর্ষণের সঙ্গে যারা জড়িত তারা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের গ্রেফতার করে দেশকে ধর্ষণমুক্ত করতে হবে। আর মূল্যবোধের অবক্ষয়ের জন্যই এ ধরনের কাজগুলো সংঘটিত হচ্ছে। মূল্যবোধ তৈরির জায়গা হচ্ছে পরিবার। ধর্ষণের মতো নিন্দনীয় বিষয় প্রতিরোধ করার জন্য পরিবার এবং সমাজকে এগিয়ে আসতে হবে। ধর্ষকরা নিকৃষ্ট। সামাজিকভাবে এদের বয়কট করলে সমাজ থেকে এ ধরনের অপরাধ কমবে।’
সমাবেশে রমনা জোনের ডিসি সাজ্জাদ হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে ধর্ষণ ফ্রন্টলাইনে চলে আসছে। ধর্ষণের বিষয়ে সারাদেশের প্রান্তিক স্তরের মানুষ যাতে সচেতন হতে পারে সে জন্য এধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে। যাতে করে কোনও পরিবারের কোনও বাবা-মায়ের ছেলে ধর্ষণের আসামি না হয়। আর কোনও পুরুষ যদি ধর্ষকের উপাধি পেয়ে যায়, তাহলে তার মৃত্যুদণ্ড হবে, এটা যাতে তারা বুঝতে পারে। এখন ধর্ষণ বেড়ে গেছে। সেই সঙ্গে আসামিরাও ধরা পড়ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো, এর ফলে কিছুটা হলেও এর ভয়াবহতা কমবে।’
