মসজিদে বুথ বানিয়ে ভোটগ্রহণ!

নজর২৪ ডেস্ক- নরসিংদীতে একটি জামে মসজিদের ভেতরে ভোটকেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ করা হয়েছে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

 

রোববার (২৮ নভেম্বর) সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দাপাড়া ফোরকানিয়া মাদরাসার পাশে একটি জামে মসজিদে ভোটগ্রহণের জন্য দুটি বুথ নির্মাণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে এখানে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল থেকে মসজিদের ভেতরে ভোটগ্রহণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ সমালোচনার সৃষ্টি হয়।

 

এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, আমরা সেখানকার একটি মাদরাসাকে ভোটকেন্দ্র করেছিলাম। তবে স্থান সংকুলান না হওয়ায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মসজিদের বারান্দায় বুথ তৈরি করে ভোট গ্রহণ করেছেন বলে শুনেছি।

 

প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন জানান, কেন্দ্রটিতে ভোটগ্রহণের জায়গার অভাব ছিল। এ কারণে নির্বাচন কমিশন, স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সভাপতির সঙ্গে কথা বলে মসজিদের বারান্দায় দুটি বুথ স্থাপন করা হয়।

 

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দীন বলেন, এমন কোনও বিষয় জানা নেই। নিয়ম অনুযায়ী মাদ্রাসায় ভোট কক্ষের স্বল্পতা থাকলে অস্থায়ী ভোট কক্ষ নির্মাণ করা যেতে পারে। প্রিসাইডিং কর্মকর্তা মসজিদে ভোটগ্রহণের বিষয়ে কোনও কথা বলেননি।

 

তিনি জানান, মসজিদে ভোট কক্ষ স্থাপনের কোনও বিধান নেই। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *