Home দেশের খবর চট্টগ্রাম ভোটকেন্দ্রে পুলিশকে টাকা নিতে মেয়রের জোরাজুরি!

ভোটকেন্দ্রে পুলিশকে টাকা নিতে মেয়রের জোরাজুরি!

0
163

নজর২৪ ডেস্ক- লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী আচরণবিধি লঙ্ঘন করে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে ঘোরাঘুরি করছেন।

 

রোববার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাদুর ইউনিয়নের উত্তর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে দেখা যায়।

 

এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিনকে প্রকাশ্যে টাকা দিতে চেয়েছেন। এতে ওই পুলিশ কর্মকর্তা টাকা নিতে না চাইলে মেয়র নিতে জোরাজুরি করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তা টাকা নেননি।

 

ঘটনার একটি ছবি ঢাকা পোস্ট প্রতিনিধির ক্যামেরায় ধারণ করা হয়েছে। এর আগেই মেয়রসহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা করেন। ভোটারদের সঙ্গেও কথা বলেছেন তারা।

 

এ সময় রামগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী সরাসরি সাংবাদিকদের বক্তব্য দেননি। পরে মোবাইলফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

 

এসআই আলহাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি। নিজের টাকায় কেনা খাবার খেয়েছি। কারো কাছ থেকে এক টাকাও নিইনি। নেবও না।

 

বক্তব্য জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু তাহেরকে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি আমার জানা নেই। জনপ্রতিনিধি ভোটকেন্দ্রে ঘুরতে পারেন না। এটা আচরণবিধি লঙ্ঘন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here