নিরাপত্তা কর্মীর কথা শুনে আমি কিছুক্ষণ নীরব হয়ে ছিলাম: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয়েছিল তার।

 

৫ বছর বয়সী এই তারকাপুত্রের ফ্যানপেজ এবং ইনস্ট্রাগ্রাম আইডিও আছে।

 

একমাত্র সন্তান জয়কে নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস সম্প্রতি এক জাতীয় দৈনিককে বলেন, ‘আমিই জয়ের মা, আমিই বাবা। ওর সবটুকু আবদার আমার কাছেই। পৃথিবীর সবকিছু একদিকে অন্যদিকে জয়। তাকে ঘিরেই আমার বেশিরভাগ ব্যস্ততা।’

 

‘সেটা দেখে আমাদের বাসার নিরাপত্তা কর্মী একদিন আমাকে বললেন, “আপু আপনি জয়ের জন্য যে পরিমাণ পরিশ্রম করেন, তারচেয়ে বিদেশে চলে যান। অনেক আরামে থাকবেন।” কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব হয়ে ছিলাম।’

 

শাকিব খানের বিপরীতে সিনেমায় অভিনয়ের বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমরা একসঙ্গে ৭২টি সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে অসংখ্য সিনেমা সুপারহিট। দর্শকদের কাছে আমরা প্রিয় জুটি। নায়ক হিসেবে শাকিব খান সবসময় অসাধারণ। তার সঙ্গে অভিনয় না করার প্রশ্নই আসে না। নায়ক হিসেবে অবশ্যই তিনি পছন্দের।’

 

২০০৮ সালের ১৮ই এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঢাকাই ছবির হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। দীর্ঘদিন এসব খবর অপ্রকাশিত থাকে। ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ের খবর ফাঁস করেন অপু বিশ্বাস।

 

সন্তানকেও সবার সামনে নিয়ে আসেন সে সময়। এরপর অবশ্য বেশ কিছুদিন শাকিব ও অপুকে একসঙ্গে দেখা গেছে। তবে বেশি দিন তারা এক থাকেননি। বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয় দুজনের। তারপর তাদের ডিভোর্স হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *