এবার নিজেই সুখবর দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক- গত এক দশকের বেশি সময় ধরে শাকিব খান একাই রাজত্ব করছেন ঢালিউড ইন্ডাস্ট্রি। ঢাকাই সিনেমার কিং খান, সুপারস্টার কিংবা ভাইজান; সবই তিনি। শুধু তাই নয়, গেল দু’তিন বছরে তিনি ওপার বাংলাতেও দারুণ অবস্থান তৈরি করে নিয়েছেন। সেখানেও তৈরি হয়েছে তার গ্রহণযোগ্যতা।

 

শুধু কলকাতা নয়, বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশিদের একটা বড় অংশ। তাদের জন্যই একটি সুখবর দিলেন শাকিব।

 

আগামী ৪ ডিসেম্বর শাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের। এ কথা তিনি নিজেই জানিয়েছেন।

 

যদিও এর আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেননি এই সুপারস্টার। ২৫ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও তিনি বলেছিলেন আগামী মাসের প্রথম সপ্তাহে ফিরবেন।

 

এদিকে শাকিব খান এড়িয়ে গেলেও ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার বিষয়টি নিউইয়র্ক থেকে গত সপ্তাহে নিশ্চিত করেছিলেন আয়োজকদের একজন শাহিন কবির।

 

অবশেষে এবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে নায়ক নিজেই লিখেছেন, ‘১৪ নভেম্বর নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসেছিলাম। ওই আয়োজনের পর আয়োজকদের অনুরোধে ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে দেখা করতে আগামী ৪ ডিসেম্বর আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে।’

 

তারকাদের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানেই নানারকম অনুষ্ঠান হতে দেখা যায়। সেরকম কোনো প্রতারণার শিকার যাতে ভক্তরা না হন, সে জন্য সতর্ক করে দিয়েছেন শাকিব। তিনি বলেছেন, ‘এর বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো অনুষ্ঠানে আমার কোনো ধরণের অংশগ্রহণ থাকছে না।’

 

গত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে নিজের নতুন সিনেমার ঘোষণা দেন। যেটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। এই সিনেমার ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যালেঞ্জস, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে। প্রযোজনা করছে শাকিবের নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *