রওশন এরশাদ আবারও আইসিইউতে

নজর২৪, ঢাকা- শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে।

 

শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে থাইল্যান্ডে অবস্থানরত ছেলে সাদ এরশাদ এ তথ্য জানান।

 

জানা গেছে, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রওশন এরশাদের অক্সিজেন সেচুরেশন কমে যাওয়াসহ আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিলে গত ২৫ নভেম্বর তাকে কেবিন থেকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।

 

এর আগে ৫ নভেম্বর বাংলাদেশ থেকে যাওয়ার পর তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। তারপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়েছিল। অল্প কয়েকদিনের ব্যবধানে আবারও তাকে আইসিইউতে নিতে হয়েছে।

 

সাদ এরশাদ বলেন, অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ার কারণে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া কফ জমে গিয়েছিল। উনার অবস্থা আসলে আগের মতোই আছে। খুব বেশি যে সিরিয়াস তা নয়। কিন্তু আইসিইউ মানেই তো ভয়ের ব্যাপার।

 

সাদ এরশাদ আরও জানান, চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছে। আমি তো আর চিকিৎসক না। ফলে, চিকিৎসার সব কিছু আমার পক্ষে বোঝাও সম্ভব নয়।

 

গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে থাইল্যান্ডের ব্যাংকের উদ্দেশে যান রওশন এরশাদ। সেখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় এই নেতার সঙ্গে আছেন ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *