দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বন্ধ

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মত বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরকে এরইমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

মন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে আমরা অবহিত হয়েছি। এই ভেরিয়েন্টটি অতি এগ্রেসিভ। এ কারণে দেশটির সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে।’

 

তিনি বলেন, ‘সকল এয়ারপোর্ট, ল্যান্ড পোর্ট স্কিনিং প্রক্রিয়া আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরার বিষয়ে জোর তাগিদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা পর্যায়েও নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গা থেকেও যারা আসবে সেই বিষয়েও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে।’

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে। বতসোয়ানা, ইসরায়েল, বেলজিয়াম ও হংকংয়েও এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

 

বিশ্বের বেশ কয়েকটি দেশ এখন দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

 

দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনি থেকে ভ্রমণকারীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না। তবে ইউকে বা আইরিশ নাগরিক এবং যুক্তরাজ্যের বাসিন্দাদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।

 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক এবং মালাউই থেকে ফ্লাইটগুলোর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। সোমবার থেকে তা কার্যকর হবে। যুক্তরাজ্য এর আগে এই সিদ্ধান্ত নিয়েছে।

 

ব্রাজিল এবং অস্ট্রেলিয়াও ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *