বিনোদন ডেস্ক- ২০১৯ সালের নভেম্বরে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন বলিউড তারকা শাহরুখ খান। সে অনুষ্ঠানে বাংলাদেশের অভিনেত্রী মিথিলা ও ভারতের নির্মাতা সৃজিতকে শাহরুখ খানের সঙ্গে এক ছবিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়।
তবে শাহরুখের সঙ্গে ছবি তোলার আগ্রহ ছিল না মিথিলার। স্বামী সৃজিতের কথায় ছবিটি তুলেছিলেন তিনি। সম্প্রতি পূর্ণিমার উপস্থাপনায় ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এমনটাই জানিয়েছেন গুণী এই অভিনেত্রী।
মিথিলার ভাষ্য, ‘আমি ছোটবেলা থেকেই স্টারদের দেখলে স্বাভাবিকভাবেই নিতাম। আমি কাউকে দেখেই অজ্ঞান হয়ে যাই না। আমার তারকাদের দেখলে মনে হয়, তারা তো মানুষই। আমাদের মতো একজন মানুষ।’
শাহরুখের সঙ্গে ছবি তোলার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘অনুষ্ঠানে কলকাতার সব স্টার শাহরুখ খানের সঙ্গে ছবি তুলছিলেন। আমি চুপ করে বসে ছিলাম। সৃজিত আমাকে এসে বলছিল, তুমি যাবে না ছবি তুলতে। আমার যেতে ইচ্ছা করছিল না। সৃজিত আমাকে প্রায় জোর করেই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলার জন্য নিয়ে যায়। শুধু ছবিটাই তুললাম। এমন তো নয় যে তার সঙ্গে কোনো বাক্য বিনিময় হয়েছে। শুধু একটা ছবি তুলে আমি অত এক্সাইটেড হতে পারিনি।’
মিথিলার প্রশ্নকর্তা হিসেবে সঞ্চালক চিত্রনায়িকা পূর্ণিমা আবার শাহরুখের ভক্ত। তাই সৃজিতপত্নীর এসব কথা শুনে বিস্মিত হন। পূর্ণিমা বলেন, ‘শাহরুখ খানকে দেখলে তো অজ্ঞান হয়ে যেতাম।’
ভারতের গুণী নির্মাতা সৃজিতের সঙ্গে সুখে সংসার করছেন মিথিলা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতার ঘরণী ভবিষ্যতে সিনেমা পরিচালনা করবেন কি না, সে বিষয়ে জানতে চান পূর্ণিমা।
মিথিলা বলেন, ‘চলচ্চিত্র পরিচালনা একটি বড় পরিসরের বিষয়। বিষয়টি আমার ভাবনাতেই নেই। তবে আমি জীবনে অনেক কিছু করেছি, সেগুলো আমার ভাবনার পরিসরে ছিল না। কিন্তু হয়েছে আমার জীবনে। আমি সারাক্ষণই ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসি। এই প্রসেস আমার ভালো লাগে। বলা যায় না কোন দিন কী করে ফেলি। পরিচালনা করার মতো অঘটনও হয়ে যেতে পারে। সে জন্য আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না।’
