Home খেলাধুলা খেলা শুরু সকাল ১০টায়, বিসিবি লিখেছে রাত ১০টা!

খেলা শুরু সকাল ১০টায়, বিসিবি লিখেছে রাত ১০টা!

0
188

স্পোর্টস আপডেট ডেস্ক- শুক্রবার শুরু বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলা। ম্যাচের আগের দিন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। স্টেডিয়াম সংলগ্ন বিটেক মোড়ের বুথে সকাল ৯টা থেকে শুরু হয় টিকিট বিক্রি।

 

প্রতিপক্ষ একদিকে পাকিস্তান, অপরদিকে সিরিজটি দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে রয়েছে জয়ের ধারায় ফেরার লক্ষ্য। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটু গুরুত্বপূর্ণ সিরিজ। সকাল ১০টায় শুরু হচ্ছে দুই দলের প্রথম দিনের প্রথম সেশন।

 

তবে বিসিবির উদাসীনতায় দেখা গেল অদ্ভুত এক ভুল। আন্তর্জাতিক এ সিরিজের ম্যাচ টিকিটে রয়েছে মারাত্মক এক তথ্য বিভ্রাট। স্বাভাবিকভাবেই চট্টগ্রামের দর্শকদের আগ্রহ তুঙ্গে ম্যাচটি ঘিরে। টিকিট সংগ্রহ করতে যেয়ে সকাল থেকেই ঢুঁ মারতে থাকেন বুথে।

 

তাদের জানা ছিল, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সাগরিকায় সকাল ১০ টায় মাঠে নামতে যাচ্ছে। কিন্তু টিকিটে লেখা সময় দেখে চোখ কপালে ওঠার অবস্থা। টিকিটে উল্লেখ করা সময় অনুযায়ী ম্যাচ রাত ১০ টায় মাঠে গড়াবে! ম্যাচের সময় ১০ এএম এর জায়গায় লেখা ১০ পিএম। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা।

 

টিকিট ছাপানো বিতরণ ও বিক্রি পুরো প্রক্রিয়াটি হয় বোর্ডের অধীনে। তাই টিকিটে কী লেখা থাকবে না থাকবে সেটাও খুটিয়ে দেখার দায়িত্ব বোর্ডের ওপরই বর্তায়। এখন আপাতত এই ভুল তথ্যের টিকিট নিয়েই ভক্তদের দেখতে হচ্ছে খেলা

 

রাহাত নামের এক কলেজ শিক্ষার্থী বলেন, ‘এটা হতে পারে না, চেক না করেই এটা বিক্রির জন্য কীভাবে চূড়ান্ত করে বিসিবি। তাদের সব কাজই যদি এমন হয়, ক্রিকেট যেখানে আছে, সেখানেই থাকবে। সামান্য এই বিষয় যদি দেখার মতো কেউ না থাকে, তাহলে বড় বড় ব্যাপারগুলো কে দেখবে। বিসিবি এসব কাজ চরম অপমানজনক তাদের জন্য।

 

এ বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এই ঘটনা দু:খজনক। বারবার এমন ভুল বিসিবির সুনাম নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে আরও সচেতন হয়ে কাজ করতে হবে। পুরো ব্যাপারটি জেনে এ ব্যাপারে আমরা করণীয় ঠিক করব।’

 

এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজে শেষ টি-টোয়েন্টি ম্যাচের দিন বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের একটি ছবির মাথা কেটে সেখানে বসিয়ে দেওয়া হয় অভিষিক্ত শহিদুল ইসলামের মুখ। বিসিবির ওই পোস্টের পর রীতিমতো হইচই পড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here