স্বামীর জন্য ‘অন্তর থেকে’ দোয়া করলেন নায়িকা মাহি

বিনোদন ডেস্ক- কয়েক দিন আগেই জানা গিয়েছিল, স্বামীকে নিয়ে মুসলমানদের পবিত্র নগরী মক্কায় যাবেন নায়িকা মাহিয়া মাহি। সেখানে গিয়ে পালন করবেন ওমরাহ। এবার সেই কথাই সত্যি হলো।

 

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কয়েকটি ছবি শেয়ার করে নায়িকা নিজেই খবরটি নিশ্চিত করেছেন। এসময় তিনি তার বর্তমান স্বামী রাকিক সরকারকে ধন্যবাদ দিয়ে ‘অন্তর থেকে’ দোয়া করেন। এছাড়া সবার কাছ থেকেও দোয়া কামনা করেন।

 

এদিন সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন মাহি ও তার স্বামী রাকিব সরকার। যাত্রার প্রাক্কালে তারা একসঙ্গে ক্যামেরাবন্দি হন।

 

ছবিতে মাহিকে দেখা গেছে একেবারে বোরকা ও হিজাব পরিহিত অবস্থায়। তার মুখ অব্দি দেখা যাচ্ছে না। আর রাকিবের পরনে রয়েছে সাদা পাঞ্জাবী ও টুপি।

 

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের উর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

 

এর আগে মাহি গণমাধ্যমকে বলেছিলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নিচ্ছি। আপাতত কোনও শিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’

 

মাহি সর্বশেষ ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করেছেন। সিনেমায় গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

 

এছাড়াও মাহি সম্প্রতি ‘গ্যাংস্টার’ নামের ওয়েব ফিল্মের কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *