বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়ক শান্ত খান। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এ বছর এই নায়ক সেরা করদাতা তরুণ হয়েছেন।
জেলাভিত্তিক ৪০ বছরের কম বয়সী হিসেবে সেরা করদাতা হয়েছেন শান্ত খান। কর অঞ্চল কুমিল্লা থেকে চাঁদপুরের সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি।
শান্ত অভিনয়ের পাশাপাশি ব্যবসা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অভিনেতা। অনেক ভক্ত আমাকে অনুসরণ করেন। পর্দায় আমি যতই সৎ মানুষ হই, বাস্তবে না হলে কেউ আমাকে ভালোবাসবে না। আমি সব সময় চেয়েছি তরুণরা কর দানে উৎসাহিত হোক। নিজের উপার্জন অনুযায়ী সরকারকে কর দিক। এবার আমি যে সম্মাননা পেলাম, সেটা অনেক বড় পাওয়া হয়ে থাকবে। আগামীতেও পরিষ্কারভাবে কর দেব। বাংলাদেশকে উন্নত দেশের আওতায় আনতে সহযোগিতা করব।’
শান্ত বর্তমানে পূজন মজুমদারের ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার কৌশানী। এছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
২০১৯ সালে ঢালিউডে অভিষেক ঘটে শান্ত খানের। প্রেম চোর সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি। এরপর ‘টুঙ্গি পাড়ার মিঞা ভাই’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তরুণ এই অভিনেতা।
উল্লেখ্য, শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খানের জৈষ্ঠ্যপুত্র শান্ত খান। ২০২০-২১ কর বছরে জেলাভিত্তিক সেরা করদাতা নির্বাচিত হয়েছেন শান্তর পিতা সেলিম খানও।
